অবৈধ ভবন নির্মাণে ঘুষের অভিযোগ, রাজউকের কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে একাধিক আবেদন

image_pdfSaveimage_print

বিশেষ প্রতিবেদকঃ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) জোন-৩ (উপ-জোন-২)-এর সহকারী অথরাইজড অফিসার আব্দুল্লাহ্ আল মামুনের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, অবৈধ ভবন নির্মাণে সহযোগিতা এবং ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ভবন নির্মাণে রাজউকের নিয়মনীতি অমান্য করেও বিভিন্ন স্থাপনা নির্মাণের সুযোগ করে দিয়েছেন তিনি। বিনিময়ে কোথাও এককালীন বড় অঙ্কের টাকা, আবার কোথাও নিয়মিত মাসোহারা নেওয়া হয়েছে। মিরপুর এলাকার একাধিক ভবনকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে এসব অভিযোগ সামনে এসেছে।

এসব অনিয়মের বিষয়ে ২০২৫ সালের মার্চ মাসে দুর্নীতি দমন কমিশন (দুদক), গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউক চেয়ারম্যানের কার্যালয়ে একাধিক লিখিত অভিযোগ জমা পড়ে। অভিযোগকারীদের মধ্যে রয়েছেন ধানমন্ডির কলাবাগান থানাধীন গ্রীন রোডের বাসিন্দা বেলায়েত হোসেন, মিরপুর সেকশন-১-এর বাসিন্দা এনায়েত হোসেন এবং একজন সাংবাদিক। তাঁদের অভিযোগে মামুনের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা, ঘুষের বিনিময়ে নকশাবহির্ভূত ভবন নির্মাণের সুযোগ দেওয়া এবং অবৈধ স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার বিষয়গুলো তুলে ধরা হয়েছে।

অভিযোগপত্রের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৯ মার্চ বেলায়েত হোসেন দুদক চেয়ারম্যানের কাছে আব্দুল্লাহ্ আল মামুনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। পরদিন ১০ মার্চ এনায়েত হোসেন রাজউক চেয়ারম্যান ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পৃথক আবেদন করেন। পরে ১৯ মার্চ একজন সাংবাদিকও রাজউক চেয়ারম্যানের কাছে একই কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরেন।

অভিযোগে মিরপুর সেকশন-১-এর জি-ব্লকের ৫ নম্বর রোডের ৫ নম্বর প্লটের একটি ভবনের কথা উল্লেখ করা হয়েছে। প্রায় পৌনে দুই কাঠা জমির ওই প্লটে নিয়মবহির্ভূতভাবে বেজমেন্ট নির্মাণের সুযোগ দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ ক্ষেত্রে বড় অঙ্কের ঘুষ লেনদেনের কথাও উল্লেখ করেছেন অভিযোগকারীরা। একই ব্লকের ৩ নম্বর রোডের ১৫ নম্বর প্লটের ভবন নির্মাণেও অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, নিয়ম অনুসারে নিচতলার ৫০ শতাংশ জায়গা খালি রাখার কথা থাকলেও সেখানে মাত্র ২৫ শতাংশ জায়গা ফাঁকা রাখা হয়েছে। ঘুষের বিনিময়ে এ ধরনের নকশাবহির্ভূত নির্মাণের সুযোগ দেওয়া হয়েছে এবং এ প্লট থেকে এক লাখ টাকার বেশি অর্থ নেওয়ার অভিযোগ করা হয়েছে।

মিরপুর সেকশন-২-এর ডি-ব্লকের ৭৬ নম্বর প্লটের একটি চারতলা বাণিজ্যিক ভবন নিয়েও গুরুতর অভিযোগ রয়েছে। রাজউক কিংবা জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই ভবনটি নির্মাণ করা হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়। বর্তমানে সেখানে একটি সুপারশপ ও একাধিক রেস্তোরাঁ পরিচালিত হচ্ছে। অভিযোগকারীদের দাবি, ভবনটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেওয়ার বিনিময়ে এককালীন প্রায় ২০ লাখ টাকা নেওয়া হয়েছে। পাশাপাশি ভবনটি থেকে নিয়মিত মাসোহারা আদায়ের অভিযোগও রয়েছে।

এ ছাড়া মিরপুর সেকশন-১-এর জি-ব্লকের ১ নম্বর প্লটে অবস্থিত ‘নাছিম টাওয়ার’ নামের চারতলা ভবন নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ অনুযায়ী, ভবনটির বিরুদ্ধে উচ্ছেদের সুপারিশ থাকলেও তা বাস্তবায়ন করা হয়নি। বরং আর্থিক সুবিধার বিনিময়ে বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে। একই এলাকার ই-ব্লকের চিড়িয়াখানা রোডের ৪০ ও ৪১ নম্বর প্লটে নির্মিত শপিংমল ও রেস্তোরাঁ থেকেও নিয়মিত অর্থ নেওয়ার অভিযোগ করেছেন অভিযোগকারীরা।

অভিযোগে আরও বলা হয়েছে, জোন-৩ (উপ-জোন-২)-এর অথরাইজড অফিসার শেগুপ্তা শারমিন আশরাফ প্রশিক্ষণ ও পারিবারিক কারণে কয়েক মাস দাপ্তরিক কাজে অনুপস্থিত বা ব্যস্ত থাকার সময় আব্দুল্লাহ্ আল মামুন পুরো এলাকার কার্যক্রমে নিজের প্রভাব বিস্তার করেন। এ সময় তিনি কয়েকজন ইমারত পরিদর্শককে নিয়ে একটি প্রভাবশালী চক্র গড়ে তোলেন বলে অভিযোগ রয়েছে। ওই চক্রের সদস্যরা বিভিন্ন নির্মাণাধীন ভবনের মালিকদের রাজউক কার্যালয়ে ডেকে পাঠাতেন। পরে ভবন ভেঙে ফেলা, নির্মাণকাজ বন্ধ করে দেওয়া কিংবা বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করার ভয় দেখিয়ে তাঁদের কাছ থেকে টাকা আদায় করা হতো বলে অভিযোগকারীদের দাবি।

শুধু ঘুষ গ্রহণ বা অবৈধ ভবন নির্মাণে সহযোগিতাই নয়, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অমান্য এবং দাপ্তরিক দায়িত্ব পালনে অসদাচরণের অভিযোগও রয়েছে আব্দুল্লাহ্ আল মামুনের বিরুদ্ধে। অভিযোগকারীদের ভাষ্য, রাজউকের তদারকি ও আইন প্রয়োগের দায়িত্বে থাকা একজন কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ ওঠায় মিরপুর এলাকার ভবন নির্মাণ ও অনুমোদন কার্যক্রমের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

এদিকে এসব অভিযোগের বিষয়ে আব্দুল্লাহ্ আল মামুনের বক্তব্য জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জবাব না দিয়ে দ্রুত নিজের অফিসকক্ষ ত্যাগ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারীরা বলছেন, রাজউকের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করে কেউ যদি ঘুষের বিনিময়ে অবৈধ ভবন নির্মাণের সুযোগ দেন, তাহলে নগর পরিকল্পনা ও ভবনের নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে। তাই অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে সংশ্লিষ্ট ভবনগুলোর অনুমোদন, নকশা, নির্মাণকাজ এবং অর্থ লেনদেনের বিষয় খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তাঁরা। একই সঙ্গে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আব্দুল্লাহ্ আল মামুনসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন অভিযোগকারীরা।

  • Related Posts

    ১২ কোটি টাকার সড়ক সংস্কারেও অনিয়মের অভিযোগ, ১০ বছর পরও দুর্ভোগ কাটছে না রায়পুরবাসীর

    নিজস্ব ডেস্কঃ দীর্ঘ এক দশক ধরে ভাঙাচোরা সড়কে চলাচল করতে হচ্ছে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বাসিন্দাদের। দীর্ঘদিনের দুর্ভোগ কমাতে প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের সংস্কারকাজ শুরু হয়েছে। তবে…

    বন্ড সুবিধার ২,২৩৭ টন কাপড় খোলাবাজারে বিক্রি, রিয়াজ নিটওয়্যারের বিরুদ্ধে ৯৪ কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ

    বিশেষ প্রতিবেদকঃ বন্ড সুবিধায় শুল্কমুক্ত কাপড় আমদানি করে তা দিয়ে পোশাক তৈরি ও বিদেশে রপ্তানি করার কথা। কিন্তু সেই নিয়মের তোয়াক্কা না করে আমদানি করা বিপুল পরিমাণ কাপড় খোলাবাজারে বিক্রির…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    চোটে ছিটকে গেলেন গুয়েহি, ইংল্যান্ড দলে ড্যান বার্ন

    • By admin admon
    • নভেম্বর ৯, ২০২৬
    • 1 views
    চোটে ছিটকে গেলেন গুয়েহি, ইংল্যান্ড দলে ড্যান বার্ন

    পাসপোর্টের আবেদনে স্বাক্ষর নেই শেখ হাসিনার

    • By admin admon
    • নভেম্বর ৯, ২০২৬
    • 24 views
    পাসপোর্টের আবেদনে স্বাক্ষর নেই শেখ হাসিনার

    পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব

    • By admin admon
    • নভেম্বর ৯, ২০২৬
    • 21 views
    পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব

    অবৈধ ভবন নির্মাণে ঘুষের অভিযোগ, রাজউকের কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে একাধিক আবেদন

    • By admin admon
    • নভেম্বর ৯, ২০২৬
    • 54 views
    অবৈধ ভবন নির্মাণে ঘুষের অভিযোগ, রাজউকের কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে একাধিক আবেদন

    ১২ কোটি টাকার সড়ক সংস্কারেও অনিয়মের অভিযোগ, ১০ বছর পরও দুর্ভোগ কাটছে না রায়পুরবাসীর

    • By admin admon
    • নভেম্বর ৯, ২০২৬
    • 51 views
    ১২ কোটি টাকার সড়ক সংস্কারেও অনিয়মের অভিযোগ, ১০ বছর পরও দুর্ভোগ কাটছে না রায়পুরবাসীর

    শেখ হাসিনাকে প্রত্যর্পণ আইন অনুযায়ী দেশে ফেরত আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

    শেখ হাসিনাকে প্রত্যর্পণ আইন অনুযায়ী দেশে ফেরত আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী