আবহাওয়া ডেস্কঃ হেমন্তের সকালে ঘাসের ডগায় জমে থাকা শিশিরবিন্দু, হালকা কুয়াশার চাদর আর মিষ্টি রোদের খেলা—প্রকৃতিজুড়ে এখন জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। শরতের বিদায়ের পর উত্তরের হিমেল বাতাস ধীরে ধীরে শীতের আবহ ছড়িয়ে দিচ্ছে সারা দেশে। তবে এখনো দিনে স্বাভাবিকের চেয়ে বেশি রোদের তাপ থাকলেও আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শিগগিরই হালকা বৃষ্টির পর সারা দেশে তাপমাত্রা কমতে শুরু করবে এবং ডিসেম্বরে একাধিক শৈত্যপ্রবাহে জেঁকে বসতে পারে শীত।
বর্তমানে বিশেষ করে রাজশাহী, রংপুর, পঞ্চগড়সহ দেশের উত্তরাঞ্চলে ভোরের দিকে স্পষ্ট হয়ে উঠেছে শীতের পরশ। ভোর ও গভীর রাতে হালকা গরম কাপড় জড়াতে হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের প্রখরতায় অনুভূত হচ্ছে গরম। রাজধানী ঢাকাতেও একই চিত্র—দিনে কিছুটা ভ্যাপসা গরম থাকলেও গভীর রাতে মিলছে হালকা শীতের আমেজ।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহেই চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে আবহাওয়াবিদ নাজমুল হক জানান, এই বৃষ্টির পরপরই বায়ুমণ্ডলের আর্দ্রতা কমে তাপমাত্রা দ্রুত হ্রাস পেতে শুরু করবে, যার ফলে দেশজুড়ে শীতের অনুভূতি আরও জোরালো হবে।
এদিকে দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আবহাওয়া অফিস সতর্ক করেছে, আগামী ডিসেম্বর ও জানুয়ারি মাসে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে উত্তর ও পশ্চিমাঞ্চলে এক বা একাধিক মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে।
আবহাওয়াবিদরা বলছেন, দিন ও রাতের তাপমাত্রার এই বড় ওঠানামা, গভীর রাতের কুয়াশা এবং আসন্ন শৈত্যপ্রবাহে মৌসুমি রোগব্যাধি ও জনভোগান্তি বাড়তে পারে। তাই শীতের এই রূপবদলের সময়ে শিশু ও বয়োবৃদ্ধদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার পাশাপাশি সবাইকে আগাম সতর্কতামূলক প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।











